সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়; নিন্দনীয়ও বটে—ব্যাকরণ বইয়ের এই প্রাচীন ফতোয়া আমরা সবাই ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি। কিন্তু ভাষার এই ‘বামুন-শূদ্র’ বিভেদ, যাকে পণ্ডিতরা ‘গুরুচণ্ডালি’ দোষ বলে ডাকেন, তার ভেতরে যে কত বড় হিপোক্রিসি লুকিয়ে আছে, তা কখনো তলিয়ে দেখা হয়নি। ভাষার ওপর জেঁকে বসা এক অদ্ভুত উপদ্রব হলো এই সাধুরীতি ও চলিতরীতি।
আমার প্রশ্ন হলো, সাধুর বিপরীত রীতিটি ‘অসাধু’ না হয়ে ‘চলিত’ কী করে হয়? আজ বরং উল্টো হিসাব করি— চলিতর বিপরীত রীতিটি ‘অচলিত’ না হয়ে ‘সাধু’ কেন? সাধু মানে তো যার চরিত্রে কোনো খুঁত নেই, যিনি সৎ। তাহলে যারা চলিত ভাষায় কথা বলে, তারা কি ব্যাকরণবিদদের চোখে ‘অসাধু’ বা অসৎ? আর এই দুইয়ের মিশ্রণ ঘটলেই কেন আকাশ ভেঙে মাথায় পড়বে? পণ্ডিতদের মতে গুরু (সাধু শব্দ) আর চণ্ডাল (চলিত শব্দ) একসাথে বসলে অশুচি হয়; কিন্তু জীবন তো চলে এই সবকিছুর মিশে যাওয়ার মধ্য দিয়েই।
জুতা যখন ‘চলিত’ না হয়ে ‘সাধু’
‘জুতা’ জিনিসটা কী, তা জানেন না এমন কেউ বঙ্গ অঞ্চলে আছে বলে মনে হয় না। তবে এমন অনেক বঙ্গভাষী আছেন যারা জানেন না যে ভাষাবিদদের মতে আমরা ‘অসাধু’ হলেও আমাদের ‘জুতা’ কিন্তু ব্যাকরণগতভাবে ‘সাধু’। অথচ সাধারণ মানুষের বিচারে ‘জুতা’ একটি অত্যন্ত চলিত শব্দ। অন্তত যখন জুতা পায়ে হেঁটে চলি, সেই জুতা অবশ্যই ‘চলিত’; কেবল চলিত নহে, ‘হাঁটিত’ও বটে! কিন্তু আমাদের পণ্ডিতরা যে ‘জুতো’র কথা বলছেন, সেইটা তাহলে কী?
এখন প্রশ্ন হতে পারে, বামুনের মুখ (পা থেকে অবশ্যই না) থেকে ‘জুতা’ শব্দটা আমরা কেড়ে নিয়েছি, নাকি আমাদের মুখ থেকে বামুনরা? সেটার হদিস পাওয়া দুষ্কর। তবে দ্বিতীয়টার সম্ভাবনা কম। পা থেকেই নিক বা মুখ থেকেই নিক, আমাদের জুতা তো তাদের পায়ে বা মুখে কোথাও ফিট হওয়ার কথা না। ঘটনাটা বরং এমনই হয়তো— সাধুদের জুতা আমরা অসাধুরা কেড়ে নিয়েছি। আর সেই জুতো চুরির দায়েই হয়তো তাহারা ‘সাধু’ আর আমরা ‘অসাধু’। এই যে তারা শয়ে শয়ে বইয়ের ভেতর চিৎকার করে বলছে— “তোমরা যা পরো তা জুতা নয় জুতো”, সেই আর্তনাদ কি আমাদের কানে পৌঁছায়? এই যে তুলা আর তুলো, কুলা আর কুলো, মুলা আর মুলো নিয়ে তাদের এই যে ‘কার’ ও ‘ও-কার’ এর কীর্তন, তাতে সাধারণ মানুষের কী লাভ?
পদ বনাম ঠ্যাং: আঞ্চলিকতার মর্যাদা
‘পদ’ শব্দটা সাধু আর ‘পা’ শব্দটা চলিত—এই তত্ত্বে আমি সর্বাধিক দ্বিমত পোষণ করি। ব্রাহ্মণের পদ সাধু কিন্তু শূদ্রের পদ চলিত—তা আমি মানতে নারাজ। ময়মনসিংহের ছেলে আমি, এখানে ‘পদ’ আর ‘পা’ দুটাই সমান সাধু অথবা সমান অচলিত। আমাদের ‘ঠ্যাং’ কি তবে অস্পৃশ্য? সাধু হস্তের অসাধু ‘হাত’ হতে পারে, কিন্তু আমাদের ‘আত’ আর ‘ডেনা’র কী হবে? নিত্যনৈমিত্তিক হাতের যে উল্টোপাল্টা ব্যবহার হয়, সেই হিসাবে হাত তো চলিত হওয়ারই কথা। আমাদের ডেনা বা আত-ও কি সেই স্বীকৃতি পাবে?
অবশ্য বর্তমানে অনেক ময়মনসিংহা ‘ঠেং’ ছেড়ে ‘পা’ লাগিয়ে নিয়েছেন আভিজাত্যের খাতিরে। তারা ভাবেন ‘ঠেং’ বললে বুঝি গেঁয়ো শোনায়, আর ‘পা’ বললে নাগরিক। অথচ এই ঠেং বা ঠ্যাং দিয়েই আমরা ছোটবেলায় কাদা মাড়িয়েছি, ফুটবল খেলেছি। ব্যাকরণবিদের ‘পদ’ দিয়ে কি আর গোল দেওয়া যায়? আমাদের ডেনা বা আতে যে জোর আছে, তা কি সাধু হস্তের ‘হস্তে’ আছে?
পরীক্ষার প্রশ্নপত্র ও বাসের জুতা
যেকোনো পরীক্ষার প্রশ্নপত্রের বিসমিল্লাহতেই লেখা থাকে— “সাধু ও চলিত রীতির মিশ্রণ গ্রহণযোগ্য নয়”। প্রশ্নকর্তারা হয়তো খেয়াল করেন নাই যে, হলে বসা অধিকাংশ পরীক্ষার্থীর জুতাই কিন্তু ‘সাধু’ (ব্যাকরণমতে), অথচ তাদের কলমের ভাষা ‘চলিত’। কেউ কেউ যারা পায়ে হেঁটে এসেছে তাদের কথা বাদ দেওয়া যেতে পারে। কিন্তু যারা বাসে চড়ে এসেছে, তাদের জুতা তো সাধুই রয়ে গেল।
এক্ষেত্রে মনে রাখতে হবে, বাসের চালক যে জুতা পরেন সেটা কিন্তু মোটেই ‘চলিত জুতা’ নহে; কারণ এই জুতা চলে না, বরং বাস চালায়। তাই সেটিকে ‘চালক জুতা’ বলাই যুক্তিযুক্ত! আবার ছাত্ররা যখন খাতায় লেখে “আমি করিয়াছি”, তখন শিক্ষক নম্বর দেন। কিন্তু যদি লেখে “আমি করছি”, তাও ঠিক। কিন্তু যদি ভুলে লেখে “আমি করিয়াছি কিন্তু সে করছে”, অমনি কলমের এক খোঁচায় গুরুচণ্ডালি! যেন ভাষাটা কোনো ল্যাবরেটরির কেমিক্যাল, একটু এদিক ওদিক হলেই বিস্ফোরণ ঘটবে।
চন্দ্রবিন্দু ও নক্ষত্রের ঘাড়ের উপগ্রহ
‘তাঁরা’ শব্দে চন্দ্রবিন্দু হবে নাকি হবে না, এই নিয়ে আমাকে প্রতিনিয়ত গণ্ডগোলের মধ্য দিয়ে যেতে হয়। আমার তৈরি বট যখন উইকিপিডিয়ায় বানান সংশোধনে হাত দেয়, তখন এই চন্দ্রবিন্দু প্রসঙ্গটি বারবার আসে। ‘তাঁরা’ আর ‘তারা’র মধ্যে পার্থক্য কী? ভাষাবিদদের যুক্তি হলো— ‘তাঁরা’র চন্দ্রবিন্দু নাকি সম্মানসূচক। অর্থাৎ চন্দ্রবিন্দু হলো আভিজাত্যের সিলমোহর।
কিন্তু আমার কাছে মনে হয় উল্টোটা। তারার ওপর চন্দ্রবিন্দু বসবে কেন? বসলে তো সেখানে ‘তারাবিন্দু’ বসা উচিত ছিল! মহাকাশের যে নক্ষত্র (তারা), তার কি কোনো সম্মান নেই? সে তো সূর্যের চেয়েও বড় হতে পারে। সেই নক্ষত্রের ঘাড়ে চাঁদের মতো একটা ছোট উপগ্রহের (চন্দ্রবিন্দু) চড়ে বসাটা কি নক্ষত্রের জন্য চরম অসম্মানজনক নয়? সম্মান দিতে হলে তো নক্ষত্রবিন্দু দেওয়া উচিত ছিল।
মাঝেমধ্যে অনেকেই জিগায় যে ‘চাঁদ’ শব্দে চন্দ্রবিন্দুটা কেন? পণ্ডিতরা সংস্কৃতের দোহাই দেবেন, নাসিক্য ধ্বনির কথা বলবেন। তবে আমার ছোট মস্তিষ্কে যা ধরে তা হলো— শব্দটা ‘চাঁদ’ বলেই তার ওপর একটি ‘চন্দ্রবিন্দু’ বসিয়ে দেওয়া হয়েছে যাতে চিনতে সুবিধা হয়, অনেকটা লোগোর মতো! তো এখন আবার প্রশ্ন উঠতে পারে, চাঁদ যদি তার বিন্দু পায়, তাহলে সূর্যতে ‘সৌরবিন্দু’ কই? সূর্য কি কম দামী?
এই লন সৌরবিন্দু (সৌর☀বিন্দু), আমার কীবোর্ড বেশ খাটো হওয়ায় বিন্দুটাকে নক্ষত্রের ওপরে তুলতে পারিনি। আসলে ভাষার এই সাধু-অসাধু, বামুন-শূদ্র বিভেদ চিরকালই ছিল। আমরা শুধু ব্যাকরণের ভয় দেখিয়ে গুরু আর চণ্ডালকে আলাদা রাখতে চাই। অথচ আজকের দিনে আমরা যখন ‘Banglish’ বলি— “আমি অনেক busy ছিলাম”—তখন সাধু-চলিতর মিশ্রণ কোথায় যায়? ওটা কি তবে ‘ডিজিটাল গুরুচণ্ডালি’? জীবনের প্রয়োজনে ভাষা সবসময়ই নিজেকে ভেঙে গড়ে নেয়, ব্যাকরণবিদের রক্তচক্ষু তাকে আটকে রাখতে পারে না।